বগুড়ায় ৭২৫ মণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের সাতমাথা সনাতন মন্দিরে এই সভাটি আয়োজিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মলের সঞ্চালনায় সভায় জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, এ বছর বগুড়া জেলায় মোট ৭২৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার করা, গুজব প্রতিরোধে সতর্কতা অবলম্বন এবং জেনারেটর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া পূজামণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকী, মহানগর সভাপতি পরিমল প্রসাদ রাজ এবং সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়ালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সাতমাথা সনাতন মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ সভা হয়।





























