চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার
- আপডেট সময় : ০১:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সড়কে সাইকেল আরোহীদের জন্য প্রথমবারের মতো নিবেদিত লেন তৈরি করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে নগরের পতেঙ্গায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হচ্ছে। এই উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
উদ্বোধনের পরপরই প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, এটি যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ তৈরি করবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি ট্র্যাকের নির্মাণকাজ ও উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ এটি। তিনি মন্তব্য করেন, এই সাইকেল ট্র্যাক কেবল চলাচলের পথ নয়, বরং এটি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের প্রতীক। তরুণদের সাইকেল ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
চসিকের ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের এই উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই সড়কের দুই পাশে দৃষ্টিনন্দন ফুটপাত রয়েছে। সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সাথে এই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে।
পরিদর্শনের সময় মেয়র ট্র্যাকের নির্মাণমান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং তা ব্যবহারকারীবান্ধব ও নান্দনিকভাবে প্রস্তুত করার নির্দেশনা দেন। এ সময় চসিকের প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং মেয়রের একান্ত সচিব আজিজ আহমদ উপস্থিত ছিলেন।




























