মিরপুরে হকার উচ্ছেদ: সংঘাত নয়, সমন্বিত উদ্যোগ চান ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ১২:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। বুধবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন। একই সঙ্গে পুলিশ সদস্যদের সঙ্গে সাধারণ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীরাও বাধার মুখে পড়েন।
নিজের নির্বাচনী এলাকায় এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো। তিনি সংঘাতের পরিবর্তে বাস্তবতা উপলব্ধি করে এমন ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং জনগণের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে।
তিনি অভিযোগ করেন, মাসের পর মাস ধরে একদল অসাধু ও চাঁদাবাজ চক্র এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা তুলে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। এই কর্মকাণ্ডকে তিনি অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের জন্য কল্যাণকর ও টেকসই পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
স্থানীয় সংসদ সদস্য হিসেবে তাকে অবহিত না করায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি উত্তম ও কার্যকর পথ বের করা সম্ভব ছিল। তিনি উচ্ছেদ অভিযানের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেকোনো পদক্ষেপ সমন্বিতভাবে নেওয়া হবে এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, যেখানে সমস্যা রয়েছে সেখানেই সমাধানের পথও রয়েছে এবং সেই সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক। তবে ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই বলেও তিনি মন্তব্য করেন।




























