বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের
- আপডেট সময় : ০৫:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও সন্ত্রাস দমন, কওমি সনদের স্বীকৃতি অনুযায়ী চাকরিতে সুযোগ সৃষ্টি এবং ইরান-ইসরাইল যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারসহ ১০ দফা প্রস্তাব উত্থাপন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে দলটির শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়ার পরিচালনায় অধিবেশনে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রস্তাবে বলা হয়, এ বিষয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক আলোচনা হলেও জনজীবনে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি, যার ফলে ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতে অস্থিতিশীলতা বিরাজ করছে। সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা উল্লেখ করে সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া রাজধানীসহ সারা দেশে হাসপাতাল, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলার নিন্দা জানিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগের দাবি জানানো হয়েছে।
নির্বাচন নিয়ে সারা দেশে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে প্রস্তাবে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। একই সঙ্গে কওমি সনদের স্বীকৃতির বাস্তব রূপ দেওয়ার দাবি জানানো হয়। বিশেষ করে সরকারি প্রাথমিক ও দাখিল স্তরের কারী শিক্ষক পদে আলেমদের নিয়োগ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কামিলস্তর পর্যন্ত আলিয়া মাদরাসা ও ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে কওমি শিক্ষার্থীদের সম্মানজনক পদে নিয়োগের সুযোগ সৃষ্টির দাবি তোলা হয়। এছাড়া ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টনে দলীয় পরিচয় না দেখে ইনসাফ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক ইস্যুতে ইরান-ইসরাইল যুদ্ধ বন্ধে বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসির নিন্দা এবং সাম্প্রতিক সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৬: ৫০আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৬: ৫৮





























