মানুষ কষ্টে আছে, দেশে নিরাপত্তা নেই: জামায়াত আমীর
- আপডেট সময় : ০৩:৪২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয় এবং সাধারণ মানুষ চরম কষ্টের মধ্য দিয়ে দিন পার করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই এবং কাকে কখন হেনস্তা করা হবে তার কোনো নিশ্চয়তা নেই বলেও অভিযোগ করেছেন তিনি।
শনিবার সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে আয়োজিত 'জাতীয় মুফাসসির সম্মেলন'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এই সম্মেলনের আয়োজন করে। জামায়াত আমীর বলেন, বাংলাদেশ ভালো নেই, মানুষ ভালো নেই। মানুষের নিরাপত্তা নেই। কাকে কখন বেইজ্জতি করা হবে, তারও ঠিক নেই।
বক্তব্যে তিনি জাতীয় সংসদে কোরআন ও হাদিসবিরোধী আইন পাস করার অভিযোগ তোলেন। এছাড়া দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশে কওমি ও আলিয়া মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় কোনো ত্রুটি থাকলে তা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যাবে না। কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি ত্রুটি আছে—এমন যুক্তি দিয়ে মাদ্রাসার ত্রুটিকে খাটো বা তুলনা করা অনুচিত।
আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর বলেন, মাত্র দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। নিজের বক্তব্যের সপক্ষে উদাহরণ টেনে তিনি বলেন, সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।


























