গণভবন এলাকায় পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর ১৯ লাখ টাকা ছিনতাই
- আপডেট সময় : ১১:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

রাজধানীর গণভবন এলাকায় পুলিশ পরিচয়ে এক সৌদি প্রবাসীর সাড়ে ছয় বছরের অর্জিত সঞ্চয় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওমার ফারুক (৩০) নামের ওই প্রবাসীর কাছ থেকে তল্লাশির নামে ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা, যার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ টাকা। গত শনিবার ভোর ৫টার দিকে শেরেবাংলা নগর থানার গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যালের কাছে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওমার ফারুক কেরানীগঞ্জের সুবর্ণপুর গ্রামের দুদু মিয়ার চার সন্তানের মধ্যে সবার ছোট। দুই ভাই ও দুই বোনের এই সংসারে তিনিই ছিলেন পরিবারের অন্যতম প্রধান চালিকাশক্তি। ২০২০ সালের মার্চ মাসে তিনি জীবিকার তাগিদে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন। দীর্ঘ সাড়ে ছয় বছরের কঠোর পরিশ্রমের বড় অংশই তিনি হারিয়েছেন এই ছিনতাইয়ের ঘটনায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ফারুক। তাকে স্বাগত জানাতে তার বাবা দুদু মিয়া, চাচাতো ভাই আব্দুর রহমান ও দুলাল মিয়া আগেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করতে করতে রাত সাড়ে ১২টা বেজে যায়। গভীর রাতে সড়কে ছিনতাইয়ের আশঙ্কায় তারা তাৎক্ষণিকভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা না দিয়ে বিমানবন্দর টার্মিনালেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।
পরদিন শনিবার ভোর পৌনে ৫টার দিকে তারা একটি প্রাইভেটকারে করে কেরানীগঞ্জের সুবর্ণপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই তারা বিপদে পড়েন। ভোর ৫টা ৬ মিনিটের দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যাল পার হয়ে বামে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি হায়েস গাড়ি এসে তাদের পথ রোধ করে দাঁড়ায়। গাড়িটি থেকে চার-পাঁচজন লোক নেমে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেয়। এরপর তল্লাশি চালানোর নামে তারা ওমার ফারুকের কাছে থাকা রিয়াল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।




























