সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা রুখল বনরক্ষীরা
- আপডেট সময় : ০৫:২৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় একটি পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বনরক্ষীরা। শনিবার রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা ‘দি ওয়েভ-২’ নামের একটি পর্যটকবাহী জাহাজের কাছে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত ফিশিং ট্রলার এগিয়ে আসতে দেখে জেলেরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি দ্রুত বনরক্ষীদের জানানো হয়।
খবর পেয়ে কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা তাৎক্ষণিকভাবে একটি বোট নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হন এবং সন্দেহভাজন ট্রলারটির পিছু নেন। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বনরক্ষীরা লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে সতর্ক করেন। গুলির মুখে ট্রলারটি দিক পরিবর্তন করে দ্রুত গভীর সাগরের দিকে চলে যায়।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান জানান, বনরক্ষীদের সময়োচিত পদক্ষেপ ও গুলিবর্ষণের কারণে দুর্বৃত্তরা পর্যটকবাহী জাহাজের কাছাকাছি পৌঁছাতে পারেনি। ট্রলারে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তারা।
ঘটনার সময় ওই এলাকায় ‘দি ওয়েভ-২’ ছাড়াও ‘আরালসী’ নামের আরেকটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছিল। ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম জানান, দুটি জাহাজে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক ছিলেন। আকস্মিক এই ঘটনায় পর্যটকদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বনরক্ষীদের দ্রুত সাড়াদানের কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং সবাই নিরাপদ আছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এই ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কটকার মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় পর্যটকবাহী জাহাজের কাছাকাছি দুর্বৃত্তদের এমন সন্দেহজনকভাবে এগিয়ে আসার বিষয়টি অত্যন্ত আশঙ্কাজনক।


























