বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ
- আপডেট সময় : ০৬:১৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

বাগেরহাটের অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও গতিশীল করতে সব পক্ষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চেম্বার ভবনে আয়োজিত বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সাধারণ সভায় এই তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ।
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ সাহেদ আলী রবির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার বর্তমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি, ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সহকারী অধ্যাপক হাদিউজ্জামান হিরোর সঞ্চালনায় সভায় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
সভায় বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির আহমেদ মালেকসহ স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বাগেরহাটের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় ব্যবসায়ী সমাজ সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
জেলার উন্নয়ন কেবল একক কোনো প্রচেষ্টায় সম্ভব নয় উল্লেখ করে বক্তারা বলেন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বাড়লে বাগেরহাটের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।






















