নোয়াখালীতে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার ৫
- আপডেট সময় : ১০:২৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার রাবেয়া হাসপাতালের পাশের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, লাইভ ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ রয়েছে। অভিযানকালে চার তরুণীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভীন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং তাদের সহযোগী আব্দুর রহিম। তারা দীর্ঘদিন ধরে ওই বাসাটি ভাড়া নিয়ে নোয়াখালীতে অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া তরুণীদের বাড়ি নীলফামারী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর হাতিয়া জেলায়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া চার তরুণীর মধ্যে একজন গোপনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে পর্ন ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, চাবুক, চাকু, কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। ভুক্তভোগী এক তরুণী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সালাউদ্দিন বিপ্লবের বাসায় আনা হয়। সেখানে জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হতো এবং প্রতিবাদ করলে মারধর করা হতো।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।




























