উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ১২:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রতিটি ব্যক্তির জন্য মানুষের সেবা করার সুযোগটি একটি বড় আমানত এবং আল্লাহর নিয়ামত। এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইউএনওদের নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি। যেখানে সবাই একটু ভালো থাকবে।’
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আপনি যে উপজেলায় দায়িত্ব পালন করছেন, সেটি হয়তো আপনার নিজের এলাকা নয়। কিন্তু সেই উপজেলা তো বাংলাদেশেরই একটি অংশ। তাই সেখানে বসবাসকারী মানুষদের নিজের এলাকার মানুষের মতোই আপন মনে করে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ছোট একটি দেশ, এই দেশটাকে ঠিকঠাক করতে হলে আমাদের সবাইকে মিলেই চেষ্টা করতে হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, শুধু আইন দিয়ে সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই মানুষকে বুঝিয়ে ও সচেতন করে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। তিনি ইউএনওদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে আয়োজিত এক সভায় এই আহ্বান জানান তিনি।




























