ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে না: সালাউদ্দিন টুকু
- আপডেট সময় : ০৪:০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা যদি এক ও ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো ষড়যন্ত্রকারী শক্তিই এ দেশের ক্ষতি করতে পারবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রী বলেন, 'সবার আগে বাংলাদেশ' এই চেতনা বুকে ধারণ করে এবং দেশপ্রেমকে শক্তি হিসেবে নিয়ে আমাদের পথ চলতে হবে। এ দেশ সবার, তাই দেশ রক্ষার দায়িত্বও সবার ওপর বর্তায়।
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। দুর্গাপূজা যেন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম গঠন করে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।
সামাজিক অবক্ষয় ও মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কেবল আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। কিশোরদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।
দুর্গাপূজার সময় ডেঙ্গু ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি এড়াতে মণ্ডপ এবং এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন প্রতিমন্ত্রী। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে আসবে।
ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার নাগ, সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন। সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার (০৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সাভার উপজেলার পূজামণ্ডপসমূহের আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।





























