পান রপ্তানিতে সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার আদেশ স্থগিত
- আপডেট সময় : ০২:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। রোববার একটি আবেদনের শুনানি শেষে আদালত এই স্থগিতাদেশ দেন। এর ফলে সমিতির প্রত্যয়নপত্র ছাড়া পান রপ্তানি করা যাবে না—হাইকোর্টের দেয়া সেই শর্ত আপাতত কার্যকর থাকছে না।
এর আগে ৬ই আগস্ট রিট পিটিশন নং-৫৪১৯/২০২৬-এর ওপর হাইকোর্ট এক আদেশে পান রপ্তানির জন্য বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র নেয়া বাধ্যতামূলক করেছিলেন। ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) আপিল বিভাগে 'সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-৩৬৫৯/২০২৬' দায়ের করেন। আজ সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি।
আদালতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অন্যদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ ফায়েজী।
পান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যমান আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে রপ্তানি কার্যক্রম পরিচালিত হলে তা পানচাষি ও রপ্তানিকারকদের জন্য নতুন বাজার সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও প্রসারিত করতে পারে।



























