প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ মেধাবী শিক্ষার্থী
- আপডেট সময় : ০৭:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

উচ্চশিক্ষায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১৮ জন মেধাবী শিক্ষার্থী। এই তালিকায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল সায়েন্সের তিনজন শিক্ষার্থীও অন্তর্ভুক্ত রয়েছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ৫ অক্টোবর ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে উত্তীর্ণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী, শাবিপ্রবি থেকে ২০১৯ শিক্ষাবর্ষে সাতজন, ২০২০ শিক্ষাবর্ষে সাতজন এবং ২০২১ শিক্ষাবর্ষে চারজন শিক্ষার্থী এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিন শিক্ষাবর্ষের প্রতিটিতে একজন করে অধিভুক্ত মেডিকেল শিক্ষার্থী এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রমদ চন্দ্র বৈদ্য, অর্থনীতি বিভাগের নুসরাত জাহান তৃশা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাদিয়া সিন্থি দিশা, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মাহাবুব আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সায়েদা রায়হানা আক্তার, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সোহাগ আহমেদ এবং অধিভুক্ত মেডিকেল সায়েন্সের মাহেশ আচার্য।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মো. মিনহাজুল কিবরিয়া, অর্থনীতি বিভাগের জান্নাতুল নাঈম রিয়া, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের পাপিয়া রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এ.কে.এম. ফখরুল হোসেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের আফসানা আহমেদ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তাঞ্জেনা খাতুন তুলি এবং অধিভুক্ত মেডিকেল সায়েন্সেস অনুষদের প্রাণা জোশী।
২০২১ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের মোছা. জারিন তাবাসসুম তিথি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কাউসার আলী, সমাজবিজ্ঞান বিভাগের কাইরতুন হিসান তন্নি এবং অধিভুক্ত মেডিকেল সায়েন্সের অনুপম কান্তি পাল।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে ২০০৫ সাল থেকে ইউজিসি কৃতী গ্র্যাজুয়েটদের এই স্বর্ণপদক দিয়ে আসছে।




























