অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ, রিয়াদের লড়াই বৃথা
- আপডেট সময় : ০৮:১৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে জয়ের দেখা পেল না বাংলাদেশ। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে লড়াই করে ৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৬৬ রানেই থামতে বাধ্য হয়।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলীয় ২৭ রানের মাথায় আবু জায়েদ চৌধুরী রাহির বলে উসমান খাজা আউট হলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ড্যাসি শর্টকেও সাজঘরে ফেরান রাহি। তবে ডেভিড ওয়ার্নার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান। জো বার্নস ৯ রান করে আউট হলেও ওয়ার্নার ও কালাম ফার্গুসনের জুটি অজিদের ইনিংসকে গতিশীল করে তোলে। ৩৮ বলে ৬৬ রান করে ওয়ার্নার আউট হন রুবেল হোসেনের বলে। শেষদিকে বেন ডাঙ্ক ও ফার্গুসনের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায়। ফার্গুসন ৩৬ বলে ৬৩ রান এবং ডাঙ্ক ২৪ বলে অপরাজিত ৪৫ রান করেন। বাংলাদেশের হয়ে আবু জায়েদ চৌধুরী রাহি ৩টি, জিয়াউর রহমান ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল। ওপেনিং জুটিতে ইমরুল কায়েস ও রনি তালুকদার ৩০ রান যোগ করেন। রনি ৯ রান করে বিদায় নিলেও ইমরুল ও ফজলে মাহমুদ রাব্বি ভালোভাবেই এগোচ্ছিলেন। তবে দলীয় ৭১ রানের মাথায় ইমরুল ৩০ বলে ৪১ রান করে ফিরে যান। এর পরপরই রাব্বি ২০ বলে ২৭ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংসে ধস নামে।
শেষ দিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একাই লড়াই চালিয়ে যান। রিয়াদ ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন। শেষ ওভারে জয়ের জন্য ৫১ রান প্রয়োজন ছিল, যা অসম্ভব ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। রিয়াদ ৩৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ২টি চার ও ৮টি ছক্কা।
৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১৩৩ রানের মাথাতে থামেন ডেভিড ওয়ার্নার, তাকে ফিরিয়েছেন রুবেল হোসেন।
৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ফার্গুসন, দলের রান তখন ১৭৭।



























