সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:৪০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার ডিমভাঙা গ্রামের মৃত শওকত আলীর ছেলে। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আনিছুর রহমান।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর গ্রামের সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১২-এর একটি দল। ওই অভিযানে নাটোর থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় রফিকুল ইসলামকে আটক করে তার কাছ থেকে ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটকের সময় রফিকুলের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ টাকাও জব্দ করা হয়েছিল। এ ঘটনায় র্যাব-১২-এর ডিএডি আমজাদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।


























