ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে ঈশ্বরগঞ্জে নারী আটক
- আপডেট সময় : ০৫:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নার্গিস আক্তার (৩৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। প্রতারণার শিকার ভুক্তভোগীরাই কৌশলে তাকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়বাজার এলাকার কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। আটক নার্গিস মৃগালী গ্রামের খোকন আলীর স্ত্রী।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার কামারগাঁও ইউনিয়নের দোরুয়া গ্রামের হোসনে আরা বেগম (৩২), রাবেয়া খাতুন (৫০), জোসনা খাতুন (৩০), আছিয়া খাতুন (৫৬), তন্নী আক্তার লিমা (৩৫) ও কনক মিয়া (৩৬) এই প্রতারণার শিকার হয়েছেন। পূর্বপরিচয়ের সূত্র ধরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে রাবেয়া খাতুনের কাছ থেকে ১৮ হাজার টাকা এবং বাকি পাঁচজনের প্রত্যেকের কাছ থেকে ১৬ হাজার টাকা করে মোট ৯৮ হাজার টাকা হাতিয়ে নেন নার্গিস।
টাকা নেওয়ার পর প্রায় দেড় মাস ধরে ‘আজ হবে, কাল হবে’ বলে ভুক্তভোগীদের ঘোরাতে থাকেন নার্গিস। সম্প্রতি তিনি নতুন করে আরও চার হাজার টাকা দাবি করলে ভুক্তভোগীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। এরপর বাকি টাকা দেওয়ার কথা বলে তাকে আঠারবাড়ীতে ডেকে আনা হয় এবং স্থানীয়দের সহায়তায় পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটকের পর প্রথমে তাকে রায়বাজার তদন্তকেন্দ্রে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হয়ে সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী রাবেয়া খাতুন জানান, আঠারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান আলমগীর ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানের মাধ্যমে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেছিলেন নার্গিস। এ বিষয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, ৫ অক্টোবর তিনি বিষয়টি জানতে পারেন। পরে তার পরামর্শেই ভুক্তভোগীরা বাকি টাকা দেওয়ার কথা বলে নার্গিসকে ডেকে আনেন। তিনি দাবি করেন, তাদের নাম ব্যবহার করে নার্গিস এই প্রতারণা করছিলেন। তবে অভিযুক্ত অপর ইউপি সদস্য মিজানুর রহমান আলমগীরের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





























