ঢাকায় ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন

- আপডেট সময় : ০৬:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন বর্তমানে ঢাকা সফর করছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রতিনিধি দলে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। বর্তমানে প্রতিনিধি দলটি রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছেন।
বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের এই সময়ে পরাগ জৈনের ঢাকা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা ইস্যুসহ বিভিন্ন কূটনৈতিক জটিলতার প্রেক্ষাপটে তার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে পরাগ জৈনের সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে, ঢাকা আসার আগেই পরাগ জৈন চীন সফর করেছিলেন।
























