জোড়ালাগা যমজ জয়নব ও কুলসুমের চিকিৎসার দায়িত্ব নিল সরকার
- আপডেট সময় : ০৫:১৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে আসা জোড়ালাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকার। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ভর্তির পর এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার রাত ৮টার দিকে যমজ শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। তাদের ভর্তির পরপরই হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের জানান, চরম দারিদ্র্যের কারণে উন্নত চিকিৎসা করাতে না পেরে অসহায় পরিবারটি তাদের সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে ফিরে গিয়েছিল। সম্প্রতি ‘আমার দেশ’ পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সরকারের নজরে আসে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবাদটি দেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি নিজে শিশু দুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করেন। তাদের ঢাকায় আসার অনুরোধ জানালে তারা প্রতিশ্রুতি অনুযায়ী সন্তানদের নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসাধীন এই যমজ শিশুর যাবতীয় চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী নিজে বহন করবেন বলে জানান তিনি।
চিকিৎসা ব্যবস্থার বিষয়ে মন্ত্রী আরও জানান, দেশের যত বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তাদের এই চিকিৎসার দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে, যাতে শিশু দুটিকে সুস্থ করে তোলা যায়।
এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশু দুটির বাবা-মায়ের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদের তাৎক্ষণিক হাত খরচের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই জোড়ালাগা যমজ শিশুর জন্ম হয়েছিল।
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১: ০২আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০১: ৪১


























