চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে নতুন দিয়াড় উপজেলা গঠনের উদ্যোগ
- আপডেট সময় : ০৩:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি পৃথক 'দিয়াড় উপজেলা' গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর সেই লক্ষ্যেই দিয়াড় অঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে একটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
পথসভায় তিনি চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দুরুল হোদা এবং সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা। এছাড়া সুন্দরপুর ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























