সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮৫২ শিক্ষার্থী
- আপডেট সময় : ১২:০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব সিদ্দিক মডেল হাইস্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ৯টি উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সততা, নৈতিকতা ও আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
খাজা টিপু সুলতান তাঁর বক্তব্যে বলেন, ‘আজকের দিনে মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রার্থনা করি এবং ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াব। সত্য কথা বলব, প্রতারণা করব না, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব এবং আত্মশুদ্ধি অর্জন করব।’
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান, সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান এবং অতিরিক্ত শিক্ষা অফিসার খন্দকার আব্দুল আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





























