সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান
- আপডেট সময় : ১২:০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। মানবকল্যাণমূলক খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রার্থনা করি যেন সবাই ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এ সময় তিনি শিক্ষার্থীদের সত্য কথা বলার, প্রতারণা না করার এবং অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আত্মশুদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান এবং অতিরিক্ত শিক্ষা অফিসার খন্দকার আব্দুল আল মামুনসহ অন্যান্যরা।





























