অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন কোচ ডেভিড হেম্প
- আপডেট সময় : ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে তাসমান পাড়ে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন নিগার সুলতানা জ্যোতিরা।
বৃহস্পতিবার বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ ডেভিড হেম্প দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমরা দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলছি, তাই প্রস্তুতি সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ পেয়েছিলাম, কিন্তু আমরা যেসব উইকেটে অনুশীলন করেছি সেগুলো চমৎকার ছিল।'
বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নামার মানসিক চ্যালেঞ্জের বিষয়েও কথা বলেছেন হেম্প। তিনি বলেন, 'আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।'
সফর শেষে যেন দলের কোনো আক্ষেপ না থাকে, সেদিকেই বিশেষ নজর দিচ্ছেন কোচ। হেম্প জানান, 'আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।'



























