গ্যাস সিলিন্ডারের সরকারি দাম নিশ্চিত করতে দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান
- আপডেট সময় : ১১:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় একযোগে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত শনিবার অধিদপ্তরের ২৩টি টিম ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে এই অভিযান চালায়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতেই এই তদারকি চালানো হচ্ছে। অভিযান চলাকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সিলিন্ডারের নিরাপত্তাবিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
ভোক্তাদের সচেতন করতে অধিদপ্তর পরামর্শ দিয়েছে, গ্যাস সিলিন্ডার কেনার আগে ওজন, সিল, মেয়াদ এবং দৃশ্যমান কোনো ত্রুটি আছে কি না তা পরীক্ষা করে নিতে। পাশাপাশি মূল্যতালিকা যাচাই এবং ক্রয়ের সময় অবশ্যই রশিদ বা ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।





























