এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ
- আপডেট সময় : ০৩:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

এশিয়ান গেমসে বাংলাদেশ দলের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণ অনুসন্ধানে অংশ নেওয়া সব ফেডারেশনের পারফরম্যান্স মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে একটি মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রোববার সচিবালয়ে ‘ক্রীড়া কার্ড’-এর আওতায় অ্যাথলেটদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে আয়োজিত এক সভার আগে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
তবে কেবল একটি আসরের ফলাফল দিয়ে সামগ্রিক প্রক্রিয়াকে বিচার করতে রাজি নন প্রতিমন্ত্রী। তিনি ভুলগুলো চিহ্নিত করে তা থেকে শিক্ষা নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই এই ভুল থেকে যাতে আমরা শিক্ষা নিই। যে রেজাল্টটা হয়েছে, সেটা অত্যন্ত হতাশাজনক।’ বিশেষ করে এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের ফলাফলকে তিনি ‘অত্যন্ত হতাশাজনক’ বলে আখ্যায়িত করেন।
ফুটবল দলের পারফরম্যান্স প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেই বর্তমান কোচ নিয়োগ দিয়েছে। খেলোয়াড়দের নিয়ে একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া শুরু হয়েছে, যার সুফল পেতে কিছুটা সময় লাগতে পারে। তিনি স্পষ্ট করেন, শুধু ফুটবল নয়, এশিয়ান গেমসে অংশ নেওয়া প্রতিটি ফেডারেশনের পারফরম্যান্স এবং এশীয় অঞ্চলের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সার্বিক বিষয়ও এই মূল্যায়নের আওতায় আনা হবে। প্রতিটি ফেডারেশনের কাছ থেকে পারফরম্যান্স ও অন্যান্য বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ছাড়া দেশের স্টেডিয়ামগুলোতে দোকান বরাদ্দ ও ভাড়ার ক্ষেত্রে দীর্ঘদিনের অনিয়মের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সরকারের কোষাগারে নামমাত্র ভাড়া জমা হলেও প্রকৃত দোকানদারদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে, যার বড় অংশই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। উদাহরণ হিসেবে তিনি জানান, সরকার যেখানে মাত্র ১,২০০ টাকা ভাড়া পাচ্ছে, সেখানে প্রকৃত দোকানদারকে ৫০ হাজার টাকা পর্যন্ত গুণতে হচ্ছে।
এই অনিয়ম ও রাজস্ব ক্ষতি রোধে কমলাপুর স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম ও মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভাড়ার কাঠামো পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অতীত ও বর্তমানের ভাড়ার কাঠামো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সরকারকে রাজস্ব ক্ষতি থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রদান করবে।

























