ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ২৯ বছর বয়সী মো. মেহেদী হাসান জিহাদ এবং বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ৩০ বছর বয়সী মো. সুমন পঞ্চায়েত।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।





























