রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর
- আপডেট সময় : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে ব্যবসায়ীদের কোনো ধরনের সিন্ডিকেট তৈরির চেষ্টা বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আমদানি পর্যায়ে শুল্ক ও করের সমন্বয় করার পাশাপাশি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আসন্ন রমজানে পণ্যের সংকট সৃষ্টির কোনো সুযোগ নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমদানির পাইপলাইনে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিমাণ যথেষ্ট সন্তোষজনক। ফলে রমজান মাসে কোনো ধরনের ঘাটতি দেখা দেবে না এবং সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। তাই কৃত্রিম সংকট তৈরি করে বা সিন্ডিকেট গড়ে তুলে দাম বাড়ানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
সারা বছর বাজারে পণ্যের, বিশেষ করে সবজির দাম স্থিতিশীল রাখার ওপর জোর দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির একটি পরিকল্পিত সরবরাহ ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম অনুযায়ী পরিকল্পিত উপায়ে কৃষিপণ্য উৎপাদনের আহ্বান জানান। মন্ত্রী বলেন, বছরের বিভিন্ন মাসে যেমন জুলাই, নভেম্বর বা ফেব্রুয়ারিতে যদি আলাদা আলাদা সবজি পরিকল্পিতভাবে উৎপাদন করা যায়, তবে বছরজুড়েই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব।
উৎপাদন ও সরবরাহের মধ্যে সুষ্ঠু সমন্বয় গড়ে তোলা গেলে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যেমন সহজ হবে, তেমনি তা সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপও অনেকাংশে কমিয়ে আনবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।




























