বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন
- আপডেট সময় : ০৩:১৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়ার ডিজেল সরবরাহ বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক হবে। আনাদোলুর খবরে বলা হয়েছে, দুই নেতা বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা, ইরান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।
ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়, জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে আলোচনার সময় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহে নিজেদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে। পুতিন বলেন, তিনি নিশ্চিত যে এটি সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা নিয়ে আলোচনায় দুই নেতা উল্লেখযোগ্য গুরুত্ব দিয়েছেন।
দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ বজায় রাখা এবং দুই প্রেসিডেন্টের প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাঁরা একমত হয়েছেন। ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে এই আলোচনাকে অত্যন্ত সফল বলে উল্লেখ করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, আলোচনার পর যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে অবিলম্বে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, নভেম্বরে আরও পাঁচ লাখ টন ডিজেল সরবরাহ করবে রাশিয়া। এরপরপরই আরও ১০ লাখ টন জ্বালানি সরবরাহ করা হবে। এ ছাড়া রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে অল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে বলেও তিনি জানান।























