মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের
- আপডেট সময় : ০৩:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নিউইয়র্ক সিটির অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোর নতুন একটি মানচিত্রে ‘লিটল ইতালি’ অন্তর্ভুক্ত না করায় শহরটির জন্য বরাদ্দকৃত কয়েক শ কোটি ডলারের তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে কলম্বাস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।
ট্রাম্পের অভিযোগ, নিউইয়র্ক সিটির কর্মকর্তারা সম্প্রতি যে মানচিত্র প্রকাশ করেছেন, সেখানে ‘লিটল সেনেগাল’, ‘লিটল গায়ানা’, ‘লিটল হাইতি’ ও ‘লিটল ইয়েমেন’-এর মতো এলাকাগুলো থাকলেও ‘লিটল ইতালি’ নেই। নিউইয়র্কের মতো একটি শহরে এমন একটি এলাকা বাদ থাকাকে তিনি ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
ট্রাম্প বলেন, ‘আমরা অবিলম্বে বিষয়টি সমাধানের উদ্যোগ নেব। তা না হলে তারা যে হাজার হাজার কোটি ডলার পেতে চায়, যার বেশির ভাগই তারা সব সময় অপচয় করে, তার এক ডলারও আমরা পাঠাব না।’ তিনি আরও অভিযোগ করেন যে, যারা যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে, তারাই ইতালীয়-আমেরিকান সম্প্রদায়কে মুছে ফেলতে চায়।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে পর্যটন নির্দেশিকার অংশ হিসেবে এই মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল। এতে নিউইয়র্কের পাঁচটি বরোর বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের ৩০টি এলাকার পরিচিতি তুলে ধরা হয়।
শহরটির মেয়র জোহরান মামদানি গত জুলাইয়ে জানিয়েছিলেন, মানচিত্রটি ২০২৩ সালে তৈরি করা হয়েছিল এবং এর উদ্দেশ্য শহরের ২০০টিরও বেশি জাতিগত সম্প্রদায়ের সবগুলোকে তালিকাভুক্ত করা ছিল না। তবে তিনি আশ্বস্ত করেছিলেন যে, মানচিত্রে ‘লিটল ইতালি’ যুক্ত করা হবে এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠীর যথাযথ প্রতিফলন ঘটাতে আরও কিছু পরিবর্তন আনা হবে।



























