নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি
- আপডেট সময় : ০৩:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদ ও ওয়ালটনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এবং ওয়ালটনের পক্ষে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়জ উদ্দিন। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারের সবুজ জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের অগ্রাধিকার এবং প্রধানমন্ত্রীর অনুশাসনের আলোকে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সহনশীল উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এটিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ ব্যয় ও কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬.৪-এর আওতায় কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও এবং উপজেলা প্রকৌশলী সমন্বিতভাবে এই কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।



























