যমুনা নদীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ১০৩ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর জগতলা ঘাট এলাকা থেকে নুরজাহান বেগম নামে ১০৩ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নুরজাহান বেগম একই উপজেলার জামিরতা গ্রামের মৃত লাজত ব্যাপারীর স্ত্রী ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে নুরজাহান বেগম যমুনা নদীর জগতলা ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন। ঘটনার পর গ্রামবাসী দীর্ঘ কয়েক ঘণ্টা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
পরবর্তীতে শুক্রবার বিকেলে জগতলা ঘাটের ভাটি এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





























