চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৪ যাত্রী নিহত, আহত ৫
- আপডেট সময় : ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী লেগুনা ও লাল সবুজ পরিবহনের একটি চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় আরো পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী সদর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের বাসটি খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঈদগাঁওগামী লেগুনাটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুল হকের মৃত্যু হয়। এছাড়া মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মারা যান।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





























