বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
- আপডেট সময় : ০১:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সোয়া চারটার দিকে ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল গেটে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের রামপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও আরাফাত (৪০) এবং একই উপজেলার বানদিঘী এলাকার খাদিজা বেগম (৫১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্ট্রোক করা স্বজন আশরাফুলকে হাসপাতালে নেওয়ার পথে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল গেটে একটি নাইটকোচ সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ও আরাফাত মারা যান। অটোরিকশায় থাকা আশরাফুল, রফিকুল ও নজরুল আহত হন। আহত আশরাফুল বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
পাইকর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ জানান, আশরাফুল স্ট্রোক করলে তাৎক্ষণিকভাবে তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও শফিকুল একটি সিএনজিতে করে তাকে টিএমএসএস হাসপাতালে নিয়ে রওয়ানা দেন। হাসপাতালের গেটে পৌঁছানোর মুহূর্তেই একটি নাইটকোচ সিএনজিটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ও আরাফাত মারা যান। পরে স্বজনেরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
পৃথক আরেকটি ঘটনায়, স্বজনের মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে যাওয়ার সময় শাজাহানপুরের রানীরহাট এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম নিহত হন। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন জানান, দুর্ঘটনার পর স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় প্রথমে শনাক্তকরণে জটিলতা ছিল। বর্তমানে দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং রানীরহাটে নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





























