সিন্ডিকেট ও অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ইসলামী আন্দোলনের
- আপডেট সময় : ০৩:৪৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

দেশের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অসাধু সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সমস্যার মূল কারণ চিহ্নিত না করে কেবল দাম বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার, যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। তিনি অবিলম্বে জনগণের পকেট কাটা বন্ধ করার আহ্বান জানান।
মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান অভিযোগ করেন, দেশে বিদ্যমান অধিকাংশ সমস্যার পেছনে রয়েছে অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেটবাজি ও চাঁদাবাজি। কিন্তু সরকার এসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে বারবার মূল্যবৃদ্ধির সহজ পথ বেছে নিচ্ছে, যা জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
যেকোনো পণ্যের মূল্য নির্ধারণের আগে সংশ্লিষ্ট খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার ওপর জোর দেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি বলেন, গোড়ার সমস্যা সমাধান না করে দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সিন্ডিকেট ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে যথাযথ নজর দেওয়া হলে অনেক সমস্যারই সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দিন ও শাহ ইফতেখার তারিক। এছাড়া সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























