ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চান মারুফ
- আপডেট সময় : ০৭:০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ অভিযোগ করেছেন যে, স্বাধীনতার পর থেকে যারা ঢাকা সিটি করপোরেশনে দায়িত্ব পালন করেছেন, তারা নির্ধারিত বাজেটের অর্থ জনগণের কল্যাণে ব্যয় না করে নিজেদের পকেট ভারী করেছেন। তিনি আরও বলেন, ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর থেকে দক্ষিণ সিটির নাগরিকদের দুঃখ-দুর্দশা লাঘবে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, ডেঙ্গু, ডায়রিয়া, জলাবদ্ধতা, যানজট, ছিনতাই ও রাহাজানিসহ নানা সমস্যায় নগরজীবন আজ বিপর্যস্ত। বর্তমান প্রতিনিধিরা লোক দেখানোর জন্য রূপার ওপর স্বর্ণের প্রলেপ দিয়ে সেটিকে স্বর্ণের জিনিস হিসেবে প্রচার করছেন। পুরো ঢাকা দক্ষিণ আজ অপরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা নির্বাচিত হলে লোক দেখানো উন্নয়ন নয়, বরং ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের মজবুত ভিত্তি গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় তিনি এ মন্তব্য করেন।
একই সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, আমরা নগরবাসীর সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু আমাদের মনে হয়েছে, বিগত দিনের মতো বর্তমান কর্তৃপক্ষেরও সদিচ্ছার অভাব রয়েছে। এভাবে চলতে থাকলে নগরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব।




























