ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

- আপডেট সময় : ০২:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

দেশের গণতন্ত্র ও অর্জিত স্বাধীনতা ক্ষুণ্ণ করার যেকোনো অপচেষ্টা বা ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম ও ছোট ভাই-বোনেরা নিজেদের জীবনের বিনিময়ে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে এনেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই অর্জিত গণতন্ত্র খর্ব করতে বা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ যদি আঘাত হানে, তবে জনগণ তা শক্ত হাতে রুখে দিতে প্রস্তুত। তিনি আরও স্পষ্ট করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এবং দলটির ইতিহাসে এমন রাজনীতির চর্চা নেই।
জুলাই মাসের এই দিনটিকে বিজয়ের আনন্দের পাশাপাশি স্বজনহারাদের জন্য অত্যন্ত বেদনার উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম আন্দোলন-সংগ্রামে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই জনসভায় অংশগ্রহণ করেন।

























