নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘কিছু হুমকির’ কারণে সেখান থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। গত রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিমানঘাঁটিটি থেকে তাদের বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে। সরিয়ে নেওয়া এসব বিমানের মধ্যে প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল সোমবার নেব্রাস্কার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, একটি ‘হুমকি’র বিষয়ে জানতে পেরেই তাঁরা বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হওয়া ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোনো ‘সুনির্দিষ্ট হুমকি’র কারণেই যুক্তরাষ্ট্র বিমানঘাঁটি থেকে বোমারু বিমানগুলো প্রত্যাহার করেছে কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি, আমরা তা বলতে পারি। এগুলো তো আর দুর্ঘটনাবশত উড়ে চলে যায়নি।’
ট্রাম্প আরও বলেন, ‘সেখানে কিছু হুমকি ছিল। শত্রুকে প্রলুব্ধ করার চেয়ে তাদের বন্দী করা এবং পরাস্ত করাই আমাদের লক্ষ্য। কিন্তু শুধু শুধু আমরা বিমানগুলোকে কেন ওখানে ফেলে রাখব? তাই আমরা সেগুলোর অবস্থান কিছুটা বদলেছি। খুব বেশি দূরে নেওয়া হয়নি।’ ওয়াশিংটন ‘প্রকৃতপক্ষে কারা এ হুমকি দিয়েছে তাদের চেনে’ উল্লেখ করলেও তারা কারা সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
গ্লুস্টারশায়ারের কটসওল্ডসে অবস্থিত ফেয়ারফোর্ড বিমানঘাঁটির ঘটনাটি বর্তমানে ব্রিটিশ কাউন্টার-টেররিজম বা সন্ত্রাসবিরোধী পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাঁরা জামিনে মুক্তি পান। পরবর্তী সময়ে যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা ষষ্ঠ এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। প্রথম পাঁচজন মুক্তি পাওয়ার পর এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারাও এ ঘটনায় ইরানের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দেন।
প্রতিরক্ষাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান ‘রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট’-এর গবেষণা বিশ্লেষক ক্রিস্টফ বার্গস রয়টার্সকে বলেন, ফেয়ারফোর্ড থেকে বিমান সরিয়ে নেওয়ায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্রুত আকাশপথে হামলা চালানোর সক্ষমতা কিছুটা কমবে, যা সামগ্রিক উত্তেজনার পারদ কিছুটা হলেও নামিয়ে আনতে পারে। ওয়েলফোর্ড গ্রামের কাছে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ডকে কয়েক দশক ধরেই মার্কিন বিমান বাহিনী তাদের অগ্রবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। ইরানের ওপর হামলার জন্য যুক্তরাজ্যের অনুমতি পাওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে এ ঘাঁটি থেকেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে বি-১ ও বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র গত বছরের জুনে রাশিয়ার পাঁচটি ঘাঁটিতে ইউক্রেনের চালানো গোপন ড্রোন হামলা বা ‘অপারেশন স্পাইডারওয়েব’-এর উদাহরণ টেনে বলেন, শত্রুপক্ষ দূর থেকেও কতটা বড় ক্ষতি করতে পারে, এটি তারই প্রমাণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও জানায়, বিষয়টি যা-ই হোক, এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হয়েছে। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছেন। তবে ট্রাম্পের মন্তব্য মার্কিন গণমাধ্যমের সেই খবরগুলোকেই নিশ্চিত করছে, যেখানে বলা হয়েছিল, গত ২৭ সেপ্টেম্বর ওই বিমানঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহভাজন যান’ নিয়ে পুলিশ তৎপর হওয়ার পর একটি বড় ধরনের ঘটনা ঘটে।
এ হুমকি প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের স্পষ্ট অমিল লক্ষ করা গেছে। রুবিও বেশ সাবধানে কথা বলেছেন এবং বিশ্বজুড়ে সামরিক ইউনিট ও সরঞ্জাম অদলবদল করা একটি ‘স্বাভাবিক বিষয়’ বলেই মনে করেন তিনি। তিনি আরও বলেন, ‘নিয়মিত মহড়া, পুনঃমোতায়েন কিংবা নতুন-পুরোনো বিমানের অদলবদলের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়।’ অন্যদিকে ভ্যান্স জানান, ‘অতিরিক্ত সতর্কতার’ অংশ হিসেবেই বিমানগুলো সরানো হয়েছে। ওয়াশিংটন মনে করে, ইরান গত ৪৯ বছর ধরে যা করছে, এটি তারই অংশ—যার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রসহ অন্যদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড চালানো।
ফেয়ারফোর্ড ঘাঁটির এ ঘটনার কয়েক দিন পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানান, এতে ইরানের জড়িত থাকার ‘নিরেট প্রমাণ’ রয়েছে। একইভাবে রুবিও এটিকে ‘বিদেশি শক্তির স্পষ্ট হাত’ থাকার ঘটনা বলে বর্ণনা করলেও কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে তেহরান এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। এর আগে জুলাই মাসে ইরান স্পষ্ট জানিয়েছিল, ‘ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালানোর জন্য ব্যবহার করা যেকোনো ঘাঁটিকে তাদের বাহিনী বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে।’





























