আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা কঠিন, জানালেন তথ্য উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক মীমাংসা বা রিকনসিলিয়েশনের আলোচনা সরকারের পক্ষে গ্রহণ করা কঠিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
রিকনসিলিয়েশন নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। তিনি বলেন, যারা এখনো দেশে আছেন এবং আওয়ামী লীগকে সমর্থন করেন, তাদের সঙ্গে রিকনসিলিয়েশন একটি ভালো আইডিয়া হতে পারত। তবে রিকনসিলিয়েশনের মূল শর্ত হলো অপরাধের স্বীকৃতি এবং অনুশোচনা থাকা। তিনি দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে বলেন, অপরাধের স্বীকৃতি দিলেও ফৌজদারি অপরাধ তামাদি হয়ে যায় না, তার জন্য আইনি ব্যবস্থা নিতে হয়।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে দলটির প্রধান নেত্রী এবং দলটির পক্ষ থেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানান, ৫ আগস্টের পর যখন তিনি কথা বলতে শুরু করেন, তখন তিনি শোনার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সবাইকে দেখে নেওয়ার হুমকি দিয়ে গেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রিকনসিলিয়েশনের আলোচনা করা সরকারের জন্য কঠিন।
চাঁদাবাজিতে সরকারের প্রশ্রয় দেওয়ার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার কোনোভাবেই চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছে না এবং প্রশ্রয় দেওয়ার কোনো কারণও নেই। তবে সরকারি দলের কেউ এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়—এমন অভিযোগ তিনি উড়িয়ে দেননি। তিনি জানান, মিরপুরের সাম্প্রতিক ঘটনার পর সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে বার্তাটি স্পষ্ট যে সরকার এগুলো সহ্য করবে না। তিনি সতর্ক করে বলেন, সরকারি দলের নাম ব্যবহার করে জনগণ কষ্ট পেলে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে তার মাসুল সরকারকে দিতে হবে।
যৌথ বাহিনীর অভিযান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের দিন তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। তিনি কোনোভাবেই যৌথ বাহিনীর অভিযানের কথা বলেননি, বরং পুলিশ বাহিনী যেভাবে কাজ করছে সেভাবেই কাজ চালিয়ে যাবে বলে জানান। এছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবহন ব্যয় বাড়ার কারণে জনগণের কষ্টের বিষয়ে তিনি বলেন, জ্বালানির ইস্যু স্থিতিশীল হলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি জনগণের কাছে সরকারের সংকটগুলো বোঝার জন্য আহ্বান জানান এবং বলেন, সরকার সবকিছু ঠিকঠাক রাখার চেষ্টা করছে।




























