মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন ডা. জুবাইদা রহমান
- আপডেট সময় : ০৫:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাইডলাইনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করেন। নিউইয়র্কের ম্যানহাটনে দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশগ্রহণ করেন।
গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে মেলানিয়া ট্রাম্প তার বিশ্বব্যাপী শিশু কল্যাণ বিষয়ক উদ্যোগ “ফস্টারিং দ্য ফিউচার টুগেদার” উন্মোচন করেন। একইসঙ্গে তিনি অন্যান্য দেশের ফার্স্ট লেডিদের এই বিশেষ আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান।
শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া এই ছবিটি প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে প্রচার করা হয়।





























