বিক্ষোভে সংহতি, ইরানি অভিনেত্রী এলনাজ শাকারদুস্তের কারাদণ্ড বহাল
- আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইরানের জনপ্রিয় অভিনেত্রী এলনাজ শাকারদুস্তের এক বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির আপিল আদালত। সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় নিহত আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এবং স্বাধীন সংবাদমাধ্যম এমতেদাদ জানিয়েছে, তেহরানের একটি আদালত তার আপিল আবেদন খারিজ করে আগের রায় বহাল রেখেছে।
আইনজীবীর বরাত দিয়ে জানা গেছে, এক বছরের কারাদণ্ডের পাশাপাশি অভিনেত্রীকে আগামী দুই বছরের জন্য রাজনৈতিক, শিল্প-সাংস্কৃতিক এবং অনলাইন কর্মকাণ্ডে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুই দশকের দীর্ঘ অভিনয়জীবনে তিনি কয়েক ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে বিক্ষোভে কর্তৃপক্ষের দমন-পীড়নে হাজারো মানুষ নিহত হওয়ার পর গত ফেব্রুয়ারি মাসে তিনি ঘোষণা দিয়েছিলেন, তিনি আর কখনো ইরানে অভিনয় করবেন না।
ফেব্রুয়ারিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, তিনি প্রিয়জনদের শোকে শোকাহত এবং এমন পরিস্থিতিতে কোনো উৎসব বা উদযাপনে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেছিলেন, এই রক্তের গন্ধমাখা মাটিতে তিনি আর কোনো চরিত্রে অভিনয় করবেন না। বর্তমানে এলনাজ শাকারদুস্ত কোথায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৫: ৩৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৫: ৩৮





























