গাজায় নিহত ৭৪ হাজার ছাড়াল, প্রতি ৩১ জনে প্রাণ হারিয়েছেন একজন
- আপডেট সময় : ০৮:১৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত সময়ে অন্তত ৭৪ হাজার ৪০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১৬৮ জনের বেশি মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ২ অক্টোবর প্রকাশিত এক তথ্যচিত্রে এই চিত্র উঠে এসেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য ব্যবহার করে তৈরি করা এই তথ্যচিত্রে দেখা গেছে, উপত্যকাটির মোট জনসংখ্যার প্রতি ৩১ জনে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া প্রতি ১৩ জন বাসিন্দার মধ্যে একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েক হাজার মানুষ চাপা পড়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল-জাজিরার তথ্যচিত্রটিতে গাজার বিভিন্ন এলাকার ধ্বংসযজ্ঞের চিত্র আলাদাভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে উত্তর গাজা, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র রয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করা হয়েছে কোপার্নিকাস সেন্টিনেল-১ স্যাটেলাইটের তথ্যের ওপর ভিত্তি করে। স্যাটেলাইটের এই তথ্য বিশ্লেষণ করেছেন সিএনওয়াই গ্র্যাজুয়েট সেন্টারের কোরি শের এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটির ড্যামন ভ্যান ডেন হোক।
তথ্যচিত্রে ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পরবর্তী সময়ের হতাহতের হিসাবও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন। এই পরিসংখ্যান তৈরিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্যকে প্রধান উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।




























