হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক
- আপডেট সময় : ১১:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ওমানের উপকূলের কাছে এই হামলার ফলে জাহাজটির কমপক্ষে ১২ জন ক্রু আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমটি অন পিস। জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। হামলার পর ওমানের কর্তৃপক্ষ দ্রুত আহত নাবিকদের উদ্ধার করে। বর্তমানে তাদের ওমানের খাসাব শহরে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর একের পর এক হামলা গভীর উদ্বেগের বিষয়। তবে সর্বশেষ এমটি অন পিসে হামলার ঘটনায় কে বা কারা প্রজেক্টাইল ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভারতও হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি।



























