বীমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে আইডিআরএ’র বিশেষ উদ্যোগ
- আপডেট সময় : ০৫:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বীমা খাতে দীর্ঘদিনের জমে থাকা অনাস্থা দূর করতে এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্থাটি সংশ্লিষ্ট জীবন বীমা কোম্পানিগুলোর সম্পদ এবং সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে আটকে থাকা বৈধ বীমা দাবি পরিশোধের কাজ চালিয়ে যাচ্ছে। আইডিআরএ’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তৃতীয় দফায় মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীর ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকার বীমা দাবি নিষ্পত্তি ও পরিশোধের প্রক্রিয়া চলছে। এর আগে গত ৩রা সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়। এরপর দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়। তিন দফায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৮ জন গ্রাহকের ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা পরিশোধের আওতায় এসেছে।
পুরো কার্যক্রমটি আইডিআরএ নিবিড়ভাবে তদারকি করছে এবং বীমা কোম্পানিগুলো নিজ নিজ অফিস থেকে গ্রাহকদের এই পাওনা পরিশোধ করছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, শুধু বকেয়া দাবি পরিশোধই যথেষ্ট নয়, বরং কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ব্যবস্থাপনায় স্থায়ী সংস্কার না আনলে ভবিষ্যতে আবারো বকেয়া জমার ঝুঁকি থেকে যাবে। এ বিষয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্রাহকদের পাওনা পরিশোধে কোম্পানিগুলো ব্যর্থ হলে প্রয়োজনে তাদের সম্পদ বিক্রি করে হলেও দাবি মেটানো হবে। তিনি স্পষ্ট করেছেন যে, দীর্ঘ সময় ধরে দাবি পরিশোধ না করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





























