রাশিয়ার তেল আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৯:৫৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

রাশিয়ার ওপর কঠোর বিধিনিষেধ আরোপের লক্ষ্যে একটি বিল মার্কিন সেনেটে চূড়ান্ত ভোটাভুটিতে পাস হয়েছে। এই বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল বা অন্যান্য জ্বালানি পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেনেটে বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছে। এর আগে সপ্তাহখানেক আগে ভোটাভুটির মাধ্যমে বিলটির পদ্ধতিগত বিভিন্ন বাধা অতিক্রম করেছিলেন রিপাবলিকানরা। তখন এর পক্ষে ৮৬টি এবং বিপক্ষে ১২টি ভোট পড়েছিল। এখন বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পেশ করা হবে। সেখানে কয়েক সপ্তাহের মধ্যেই এর ভবিষ্যৎ স্পষ্ট হবে। দুই কক্ষে পাস হওয়ার পর প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমেই এটি আইনে পরিণত হবে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া তেল বিক্রির মাধ্যমে যে রাজস্ব অর্জন করছে, তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে ভ্লাদিমির পুতিন প্রশাসন। ওয়াশিংটনের লক্ষ্য এই অর্থপ্রবাহের পথ রুদ্ধ করা। সেনেটে বিলটি পাস হওয়ার পর ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে এক সিনেটর বলেছেন, ইউক্রেনের মানুষকে তারা বার্তা দিতে চান যে তারা একা নন এবং পুতিন কোনোদিন ইউক্রেন দখল করতে পারবেন না।
বর্তমানে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এছাড়া স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান এবং জাপানের মতো দেশগুলোও রাশিয়ার তেল ক্রেতাদের তালিকায় ওপরের দিকে রয়েছে। মার্কিন এই নতুন আইনের ফলে ভারত, চীন ও জাপানের মতো দেশগুলো বড় ধরনের বিপাকে পড়তে পারে। ইউক্রেনসহ বেশ কিছু দেশ মার্কিন এই বিলকে স্বাগত জানিয়েছে।


























