গুলশানে গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে গোপন বৈঠক করার সময় বাংলাদেশ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) এবং ইব্রাহিম হোসেন (৩৩)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে পুলিশ প্লাজার ওই রেস্তোরাঁয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গোপন বৈঠক করছেন। সেই তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল তাদের। ওসি দাউদ হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





























