সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- আপডেট সময় : ০৫:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাঁচবারের সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জানাজা শেষে মরহুম আব্দুল হাইয়ের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জানাজা শেষে আব্দুল হাইয়ের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জানাজায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ হুইপ মিয়া নুরুদ্দীন আহমেদ অপু এবং জাতীয় সংসদের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল হাই ৭৭ বছর বয়সে বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।





























