সৌদির নাজরানে হুথিদের হামলায় বিদেশিসহ ১১ জন আহত

- আপডেট সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা হামলা চালিয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দেশটির এক সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, হুথিদের এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সাতজন সৌদি নাগরিক, দুজন মিশরীয়, একজন ইয়েমেনি এবং একজন পাকিস্তানি রয়েছেন। হতাহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। মেজর জেনারেল তুর্কি আল-মালিকি হুথিদের বিরুদ্ধে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি জোর দিয়ে বলেন, জোট বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে, হুথি এবং ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের সমন্বিত হামলা আসন্ন। সৌদি, মার্কিন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই গোষ্ঠীগুলো সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে।
লোহিত সাগরে হুথিদের অবরোধের কারণে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাহত হচ্ছে এবং দেশ দুটির এক দশকের পুরোনো সংঘাত এখন বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। তবে জোটের এই বিবৃতির বিষয়ে হুথি বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


























