ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ থাড ক্ষেপণাস্ত্র শেষ

- আপডেট সময় : ১২:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উদ্বেগজনকভাবে কমে গেছে বলে জানিয়েছে সিএনএন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক করে জানিয়েছেন যে, বর্তমানে গোলাবারুদের মজুত উদ্বেগজনকভাবে নিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুদ্ধের আগের তুলনায় মার্কিন সেনাবাহিনী তাদের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় পাঁচ ভাগের চার ভাগ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। একই সময়ে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুতও প্রায় অর্ধেক কমে গেছে।
পেন্টাগনের সাম্প্রতিক অভ্যন্তরীণ প্রতিবেদন সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, এই সংঘাতের সময় মার্কিন সেনাবাহিনী তাদের দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নিখুঁত ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুতই ব্যবহার করে ফেলেছে।


























