পাকিস্তানে বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কড়াকড়ি, লাগবে এনওসি
- আপডেট সময় : ১০:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কাজের পরিধি ও চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ইসলামাবাদ, লাহোর ও করাচির বাইরে সংবাদ সংগ্রহ বা কোনো ধরনের কনটেন্ট তৈরি করতে হলে সাংবাদিকদের বাধ্যতামূলকভাবে অনাপত্তিপত্র বা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নিতে হবে।
নতুন এই নিয়মটি প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল—সব ধরনের আন্তর্জাতিক গণমাধ্যমের ক্ষেত্রেই কার্যকর হবে। সরকারি কাজ, সংবাদ প্রতিবেদন, প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরিতেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কেবল অবকাশ যাপনের উদ্দেশ্যে অ্যাবোটাবাদ ও মুরিতে যেতে চাইলে আবেদন সাপেক্ষে তিন কর্মদিবসের মধ্যে সাংবাদিকদের এনওসি দেওয়া হতে পারে।
নতুন নির্দেশিকায় কেবল সাংবাদিকদেরই নয়, বিদেশি গণমাধ্যমকে সেবা দেওয়া প্রডাকশন হাউজ, ফ্রিল্যান্সার, ফিক্সার এবং অন্যান্য সেবাদানকারীদেরও বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনা হয়েছে। এজন্য তথ্য মন্ত্রণালয়ের এক্সটারনাল পাবলিসিটি (ইপি) উইংয়ের নির্দিষ্ট অনলাইন পোর্টাল ব্যবহার করতে হবে। এমনকি বিদেশে অবস্থানরত পাকিস্তানি সাংবাদিকদেরও নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পাকিস্তান মন্ত্রণালয় জানিয়েছে, সফলভাবে নিবন্ধিত সাংবাদিকদের কিউআর-সংযুক্ত পিভিসি স্বীকৃতি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা সরকারি অনুষ্ঠান ও স্থাপনায় প্রবেশাধিকার পাবেন। তবে ইপি উইং যেকোনো আবেদন অনুমোদন বা বাতিলের পূর্ণ অধিকার সংরক্ষণ করে। আবেদন বাতিল হলে এর বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আপিল করার সুযোগ রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের স্থানীয় নির্বাচন ও বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক অস্থিরতা এবং সংবাদ প্রকাশের ওপর কড়াকড়ির প্রেক্ষাপটেই এই বাড়তি নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর মতো আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম অধিকার বিষয়ক সংস্থাগুলো সাংবাদিকদের ওপর এমন বিধিনিষেধ ও সংবাদ সংগ্রহে বাধার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।




























