গাজীপুরে যাত্রীবেশে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

- আপডেট সময় : ১০:৩৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. সুমন মিয়া (২৪)। তিনি সপরিবার উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রীবেশী ছিনতাইকারী সুমনের অটোরিকশা ভাড়া করে। কালামপুর এলাকায় আক্তার স্পিনিং মিলের কাছে নির্জন স্থানে পৌঁছালে তারা সুমনকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। সুমনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পাশের বনের দিকে পালিয়ে যায়।
কালামপুর এলাকার ব্যবসায়ী মো. শাহ আলম জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা সুমনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ছিনতাইকারীরা সুমনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং অটোরিকশাটি জব্দ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।




























