সরকারি ছুটি অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফের অফিস কার্যক্রম
- আপডেট সময় : ১২:৩৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি পালিত হচ্ছে সারা দেশে। তবে এই সরকারি ছুটি অমান্য করে পিরোজপুর শহরের পোস্ট অফিস রোডে সোনালী ব্যাংকের বিপরীতে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোনাল অফিস খোলা রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই ওই অফিসে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা অফিসে উপস্থিত হয়েছেন এবং দাপ্তরিক কাজ করছেন।
এ বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পিরোজপুর জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মো. হাসানুজ্জামান জানান, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সম্পর্কে তিনি অবগত নন, তাই অফিস খোলা রাখা হয়েছে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এটি একটি রাষ্ট্রীয় কর্মসূচি হওয়ায় সবারই তা পালন করা উচিত। কোনো প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালালে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।



























